আসন্ন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে সোমবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে ইরান জাতীয় ফুটবল দল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বমঞ্চে মাঠে নামার আগে দলটি তুরস্কের অ্যান্টালিয়ায় একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এই প্রস্তুতি ম্যাচ শেষেই ইরানি বহর সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ দলের সব সদস্য সোমবার সকালে অ্যান্টালিয়ার উদ্দেশ্যে বিমানযোগে রওনা হয়েছেন। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে এটিই তাদের শেষ প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে।
তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এবার ইরানকে মাঠের বাইরে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানামুখী গুঞ্জন ও প্রশ্ন তৈরি হয়। এরই ধারাবাহিকতায়, আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও কানাডা প্রশাসন।
বিদ্যমান এই কূটনৈতিক জটিলতার কারণে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের আবেদন জানিয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই আবেদন নাকচ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলা অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি এবং ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মোকাবিলা করবে।