নরসিংদীর রায়পুরায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের অন্তর্গত ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
এই নিয়ে গত মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা এবং শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে মোট ছয়টি শিশুর প্রাণহানির ঘটনা ঘটল।
নদী ও বিল বেষ্টিত এই অঞ্চলে সর্বশেষ ঘটনায় প্রাণ হারানো শিশুরা হলো শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া গ্রামের নুরুজ্জামানের কন্যা জান্নাতি আক্তার এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার কন্যা লামিয়া আক্তার রিতা। এদের মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসায় এবং জান্নাতি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বজনদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে এসেছিল শিশু লামিয়া আক্তার। সেখানে স্থানীয় খেলার সাথি জান্নাতির সঙ্গে বাড়ির অদূরে একটি বিলের পানিতে সে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে দুই শিশুই গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত বলে ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় বিকেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শীলা জানান, দুপুরের দিকে ভেলুয়ারচর এলাকা থেকে পানিতে ডুবে যাওয়া ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তিনি।
এর আগে গতকাল উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি সংযুক্ত খালে গোসল করতে নেমে চার মাদরাসা শিক্ষার্থী তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা পানিতে ডুবে মারা যায়। সেই ভয়াবহ দুর্ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই একদিনের মাথায় পুনরায় দুই কন্যাশিশুর এমন অকাল মৃত্যুতে গোটা রায়পুরা উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।