শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি এ আশ্বাস দিয়েছেন।

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি এ আশ্বাস দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে শেখ মোহাম্মদ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় আলোচনা করতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে অভিহিত করেছেন। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে, বিশেষ করে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতির প্রেক্ষাপটে, সম্ভাব্য সব সহযোগিতার নিশ্চয়তা তিনি দিয়েছেন।”

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জ্বালানি সহযোগিতা নিয়ে সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কাতারের নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।

এ সময় সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। দায়িত্ব পালনে সফলতার জন্য কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।

এরপর কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতারে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে কাতার অ্যানার্জির সদরদপ্তরে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবীরের সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষ করে এলএনজি সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।