শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, আটক ৮

রাজধানীর বনানীতে অবৈধ সিসা লাউঞ্জ ও মদের আখড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, আটক ৮
ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে অবৈধ সিসা লাউঞ্জ ও মদের আখড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিজাত এই এলাকার একাধিক স্পটে চালানো অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা ও বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে। একই সাথে অবৈধ এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে হেফাজতে নিয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এতে অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিবরণী থেকে জানা যায়, বনানীর ১১ নম্বর রোডের টাওয়ার বি ইলেভেন ভবনের চতুর্দশ তলায় রিভেল হোক্কা লাউঞ্জ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সিসা বার চালানো হচ্ছিল। সেখানে তল্লাশি চালিয়ে মাদক কর্মকর্তারা সিসা, হুক্কা, কলকি এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করেন। এই স্পটটি দেখাশোনা ও পরিচালনার দায়ে সাদ আন সাকিব, জাহিদ হাসান, জুনায়েদ আহাম্মেদ, ফাহিম আহাম্মেদ ও বখতিয়ার উদ্দিন নামের পাঁচজনকে আইনের আওতায় আনা হয়।

একই বহুতল ভবনের অষ্টম তলায় আরেকটি পৃথক তল্লাশি চালিয়ে টিটু মজুমদার নামের এক ব্যক্তির কাছ থেকে জনি ওয়াকার ডাবল ব্ল্যাক, ক্যালভেট ব্র্যান্ডের নামী দামী বিদেশি মদ ও কার্লসবার্গ ও আসাহি ব্যান্ডের বিদেশি বিয়ার জব্দ করা হয়।

এদিকে বনানীর ২৮ নম্বর রোডে অবস্থিত দ্য ক্যাফে এক্সিল নামের অপর একটি সিসা বারেও হানা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। সেখান থেকে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, কয়লা, মুঠোফোন, ডিভিআর ও হার্ডডিস্ক জব্দ করা হয়। এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত থাকায় মনির হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিজাত এলাকাগুলোতে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা সিসা বার এবং মাদকের কারবারিদের রুখতে তাদের এই ধরনের কঠোর আইনি তৎপরতা সামনের দিনগুলোতেও চলমান থাকবে।