বাংলাদেশ ও আয়ারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বৈশ্বিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লিতে নিযুক্ত) কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বর্তমান সরকারের অধীনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, পাশাপাশি কনস্যুলার ও অভিবাসন সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক পর্যায়ে নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬–২৭ মেয়াদের জন্য ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।
আলোচনায় শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও গুরুত্ব পায়। উভয় দেশ আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।