ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুই যুবক মোটরসাইকেলযোগে আশুগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ভৈরবে নিজ বাড়িতে চলে যান। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।