বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

বরিশাল-৩ আসনে এবি পার্টির ফুয়াদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

বরিশাল-৩ আসনে এবি পার্টির ফুয়াদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ
ছবিঃ সংগৃহীত

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও এই আসনের প্রার্থী জয়নুল আবেদীনের পক্ষে তার প্রধান নির্বাচনী প্রতিনিধি সুলতান আহমেদ খান অভিযোগটি দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, ১১-দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে ঘটনার দ্রুত তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্যসচিব জুয়েল রাব্বি জানান, এই অভিযোগ ভিত্তিহীন। বরং বিএনপির সমর্থকরাই তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে তিনি পাল্টা দাবি করেন।

বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম জানিয়েছেন, অভিযোগের সঙ্গে কিছু ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।