বরিশালে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গৌতম সমদ্দার (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে জেলার বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত গৌতম সমদ্দার বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশ্মশান কমিটি এবং কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গৌতম সমদ্দার একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার মামলায় জড়িতদের ধরতে এই ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।