বর্তমান সরকারকে দেশের সকল মানুষের সরকার হিসেবে অভিহিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, দেশ পুনর্গঠন ও উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে এই সরকারকে সফল করা আমাদের সবার দায়িত্ব।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নূর উল্লেখ করেন যে, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই প্রেক্ষাপটে বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর প্রতিপক্ষ নয়। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মস্পৃহা আমরা তাঁর সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ যদি সম্মিলিতভাবে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে সরকার সজাগ রয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন যে, পরিস্থিতির অবনতি হলে এবং শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা কিংবা প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও কল্যাণের জন্য মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।