জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে দুর্বল সম্পর্ক বজায় রেখে বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করার চেষ্টা করছে। রোববার দুপুরে রংপুর নগরের সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
জি এম কাদের বলেন, “সরকার দেশের মানুষের সঙ্গে সম্পর্ক কম। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে।”
তিনি আরও মন্তব্য করেন, “একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট আয়োজন করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে।”
দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। সবখানে অন্যায়-অত্যাচার হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। এ জন্য দেশবাসীকে প্রস্তুত হতে হবে।”
প্রচার-প্রচারণার সাড়া সম্পর্কে তিনি জানান, “রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু এবং স্থানীয় নেতাকর্মীরা।