সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুপরিকল্পিতভাবে বট বাহিনী বিভিন্ন গুজব ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বর্তমান সময়ের ডিজিটাল প্রচারণার নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, তাকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে এবং সেসবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, অনলাইনে প্রচার করা হচ্ছে যে তিনি নাকি পরীক্ষার দিন রুটিন ঘোষণা করবেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ডিজিটাল বট বাহিনীকে কাজে লাগিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
এমপিও বাতিল সংক্রান্ত একটি গুজব প্রসঙ্গেও মন্ত্রী এদিন কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করলেও এবার এমপিও বাতিল না করার কথা তিনি বলেছিলেন। অথচ ফেসবুকে বট বাহিনী প্রচার করেছে যে, এবার ফেল করলেই এমপিও সুবিধা বাতিল হয়ে যাবে। এই ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি মন্তব্য করেন যে, বর্তমানে মনে হচ্ছে দেশ যেন ফেসবুকের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
অনলাইনে এমন কুরুচিপূর্ণ ট্রল ও ভুয়া তথ্যের ব্যাপক বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরণের পরিকল্পিত অপপ্রচার কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তা সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এসব গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।