শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন।

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি
ছবি: সংগৃহীত

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় চলে এসেছে। এর ফলে অবৈধ ও চোরাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম কার্ড পরিবর্তন করতে হলে কিংবা ফোনটি অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার উদ্দেশ্যে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলেও জানিয়েছে বিটিআরসি।

ডি-রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। পাশাপাশি বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।