“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
তিনি বলেন, “মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের সমাজের শক্তিশালী তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও জানান, জেলায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস এবং সোনা মসজিদ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ফয়সাল আজম অপু।
আলোচনা সভায় প্রায় ১৬০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার হিসেবে খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগ তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।