ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব উদ্যোগে আগামী চার বছরের মধ্যে তিন লাখ বৃক্ষরোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি লেকে রুশ হাউস ইন ঢাকা আয়োজিত ‘গার্ডেন অব মেমোরি’ অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রশাসক আবদুস সালাম বলেন, পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশকে আরও সবুজ করার উদ্দেশ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনা রয়েছে। এর সাথে সংগতি রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলতি বছর থেকে ২০৩০ সালের মধ্যে তিন লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
‘গার্ডেন অব মেমোরি’ উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, এই কর্মসূচি কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, এটি বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যকার অটুট বন্ধুত্ব এবং পরিবেশ সুরক্ষায় দুই দেশের যৌথ অঙ্গীকারের এক অনন্য বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন এবং রুশ হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা উভয়েই পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।