শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চার দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

চার দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক
সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছের | ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আজমপুর এলাকায় মাহমুদুল হাসানকে গুলি করে হত্যার ঘটনায় আফজাল নাছেরের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার নির্দেশেই আন্দোলন চলাকালে সহিংসতা সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার বিস্তারিত উদ্‌ঘাটন ও তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত ব্যক্তিরা অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাহমুদুল হাসান মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলার তদন্তে আফজাল নাছেরের নাম উঠে আসে।