বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চারশ বস্তা সরকারি চাল আটক

শরীয়তপুর সদর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চাল পাচারের সময় স্থানীয় জনতা একটি ট্রাক জব্দ করেছে।

চারশ বস্তা সরকারি চাল আটক
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চাল পাচারের সময় স্থানীয় জনতা একটি ট্রাক জব্দ করেছে।

সোমবার সকালে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের চন্দ্রা হোটেলের সামনে চালবোঝাই ট্রাকটি আটকে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, আংগারিয়া খাদ্যগুদাম থেকে ৪শ বস্তা চাল জাজিরা এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

পরিবহন সংশ্লিষ্ট নথি ও চালকের বক্তব্য অনুযায়ী, এই চাল সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঠিকাদার মানিক মাহমুদের। সরকারি নির্দেশনা মোতাবেক চালগুলো আংগারিয়া গুদাম থেকে সরাসরি রুদ্রকর বাজারে নিয়ে যাওয়ার কথা থাকলেও ট্রাকটি উল্টো পথে জাজিরার দিকে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তারা মহাসড়কের ওপর গাড়িটি থামিয়ে দেন। বিস্ময়কর বিষয় হলো, দিনের অনেকটা সময় পার হয়ে গেলেও খাদ্য বিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চাল জব্দের কোনো উদ্যোগ দেখা যায়নি। ট্রাকচালক বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন উত্তর দেন, তবে এক পর্যায়ে জানান যে আংগারিয়া গুদাম কর্মকর্তা হেলাল উদ্দিন তাকে ভাড়া করেছিলেন।

সরকারি হিসাব মতে, জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার ৯৭০ টাকা। চালকের দাবি ও রুদ্রকর বাজারে চাল না পৌঁছানোর ঘটনায় পাচারের বিষয়টি জোরালো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার মানিক মাহমুদ এবং গুদাম কর্মকর্তা হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। বর্তমানে ট্রাকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির পাহারায় রাখা হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, গুদাম থেকে ডিও লেটারের মাধ্যমে চাল ছাড় করার পর সেটির দায়ভার তাদের ওপর থাকে না। যার নামে ডিও ইস্যু হয়েছে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) চাল ছাড়ের নথিপত্র থাকার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ঘটনাটি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন। পাচারের এই উদ্যোগের নেপথ্যে কারা জড়িত তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।