বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ছাত্রদলে পদ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতা

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৩২ সদস্যের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ও পদধারী ১১ জন নেতার অন্তর্ভুক্তি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই সংগঠনটির ভেতর ও বাইরে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ছাত্রদলে পদ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতা

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৩২ সদস্যের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ও পদধারী ১১ জন নেতার অন্তর্ভুক্তি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই সংগঠনটির ভেতর ও বাইরে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক হিসেবে তানভীর আব্দুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কমিটির সদস্য তালিকা, যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ জন নেতার নাম রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নিষিদ্ধ সংগঠন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু এবং সাব্বির আহমেদ সৌরভ।

এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে মেহেরাব হোসেন মিয়াদ এবং প্রান্ত সাহা—যারা ছাত্রলীগের কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান বলেন, “এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কমিটি যারা দিয়েছেন তারা ভালো বলতে পারবেন।”

অন্যদিকে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, “মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকেন। যদি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘোষিত এই কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই অভিযোগ তুলছেন, “গুপ্তদের দিয়ে করা এই কমিটি” বাতিল করা উচিত বলে দাবি করছেন তারা।