শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ছাত্রশক্তির সাইফুল্লাহর বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ছাত্রশক্তির সাইফুল্লাহর বাড়িতে আগুন
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাইফুল্লাহ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং তার মা ফোনে এই দুঃসংবাদ জানিয়ে কান্নাকাটি করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার পর দুর্বৃত্তরা তার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেয় এবং বসতঘরে কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। তবে বাড়ির লোকজন জেগে যাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে গত ৮ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে মারধর ও পুলিশের হাতে সোপর্দ করার ঘটনায় সাইফুল্লাহ আলোচনায় আসেন। সে সময় তিনি ফেসবুকে লিখেছিলেন যে, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী পাভেল অভিযোগ করেছিলেন যে, সাইফুল্লাহসহ ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে নির্দয়ভাবে মারধর করেছেন।

সাইফুল্লাহর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে আসছিল এবং এই অগ্নিসংযোগের পেছনে তারাই জড়িত। ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, বাড়ির লাকড়ির ঘরে আগুন এবং টিনের বেড়ায় অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।