ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাসে প্রসববেদনা ওঠার পর এক নারী যাত্রীর সন্তান প্রসবের ব্যবস্থা করেন বাসের চালক-সুপারভাইজার ও যাত্রীরা। পরে বাসটির নাম অনুসারে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’।
শিশুটির জন্য এসেছে আরও একটি সুখবর—আজীবন ‘আনাস এন্টারপ্রাইজের’ বাসে বিনা মূল্যে যাতায়াত করতে পারবে সে। আর শিশুটি বড় হওয়া পর্যন্ত তার মাও পাবেন এই সুবিধা।
সোমবার ভোরে ‘আনাস এন্টারপ্রাইজের’ একটি বাস রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে আবিদা বেগম (২৮) নামে ওই নারী যাত্রীর প্রসববেদনা ওঠে। পরিস্থিতি বুঝে বাসটি একটি পেট্রলপাম্পের সামনে থামানো হয়। পরে বাসের ভেতরেই তার সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।
বিষয়টি বুধবার দুপুরে জানাজানি হয়, যখন বাসটির সুপারভাইজার মজনু মিঞা নবজাতকের জন্য উপহার নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় তার পরিবারের কাছে যান।
আবিদা বেগম উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। পথে হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাসের লোকজন বিষয়টি জানতে পারেন।
সুপারভাইজার মজনু মিঞা বলেন, বিষয়টি জানার পর বাসটি নিরাপদ জায়গায় থামানো হয়। পুরুষ যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর নারী যাত্রী ও এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই আবিদার সন্তান প্রসব করানো হয়। সেখানে একটি ছেলে শিশুর জন্ম হয়।
পরে মা ও নবজাতককে বড়খাতা এলাকায় নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় বাসের সুপারভাইজার ও যাত্রীরা মিষ্টি বিতরণ করেন।
শিশুটির নানা আবেদ আলী বলেন, “চিকিৎসক বলেছিলেন আরও কিছুদিন সময় বাকি। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই এই ঘটনা ঘটে। আমার মেয়ে ও নাতি দুজনই সুস্থ আছে। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা ভুলব না।”
তিনি বলেন, “নাতি বাসে জন্ম নেওয়ায় ওই বাসের নামেই তার নাম আনাস হাসান রেখেছি।”
বিষয়টি বাস মালিক দিপু মিঞাকে জানানো হলে তিনি শিশুটির জন্য আজীবন বিনা মূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে শিশুটি বড় হওয়া পর্যন্ত তার মাকেও এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়। মালিকের পাঠানো উপহারও বুধবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।