ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগকে ঘিরে নতুন আইনি প্রশ্ন উঠেছে। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী।
বুধবার (৪ মার্চ) রিটটি দায়ের করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। তাঁর সঙ্গে যৌথভাবে রিটে অংশ নিয়েছেন আইনজীবী জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।
রিট আবেদনে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।
প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন বিষয়টি আদালতের বিচারাধীন পর্যায়ে প্রবেশ করল।