শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

'চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে'

চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

'চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে'
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, নির্বাচন শুরু হওয়ার পর সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এমপিদের জন্য অফিস বরাদ্দ দেওয়ার মাধ্যমে উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করা হচ্ছে—এমন ধারণারও তিনি বিরোধিতা করেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ আইনের ধারা ২৫ অনুযায়ী একজন সংসদ সদস্য আইনগতভাবে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে সেখানে তার জন্য একটি অফিস থাকা অস্বাভাবিক নয়।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “যদি তিনি আইনগতভাবে থাকেন, তাহলে কেউ বলতে পারেন এটি থাকা উচিত কি না-উপদেষ্টা থাকা-এটি একটি ভিন্ন বিতর্ক। কিন্তু অফিস দেওয়ার মাধ্যমে বিষয়টি নতুন করে খারাপ করা হয়েছে- এমনটা নয়। কারণ, একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার উপজেলা পরিষদে একটি অফিস থাকা স্বাভাবিক।”

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।