বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মালামাল বহনকারী ওই তিন যাত্রী হলেন নাজমুল হাসান, সরদার সাজাদ ও আমশেদ আলম রানা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের একটি যৌথ দল কাস্টমস হলে অবস্থান নেয়। আবুধাবি থেকে আগত ওই তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৯৩০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট এবং ৬০ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব সিগারেট থেকে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে জব্দ করা সমস্ত পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় মেমোরান্ডাম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সব কটি সংস্থা অত্যন্ত সজাগ রয়েছে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে এই কঠোর নজরদারি ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।