শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই নোটিশ প্রেরণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পাঠানো এই নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা না হলে পরবর্তী সময়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি সোমবারই সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো হয়েছে।

নোটিশের বিবরণে দেশে বর্তমানে বিলুপ্তপ্রায় রোগ হামের আকস্মিক প্রাদুর্ভাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, হামের সংক্রমণে ইতিমধ্যে শতাধিক শিশুর প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচিকে ব্যক্তিগত বা বেসরকারি খাতের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় বর্তমান প্রশাসনের নীতিনির্ধারকরা জড়িত থাকতে পারেন—এমন অভিযোগ তুলে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন ওই আইনজীবী।

তদন্ত কার্যক্রম চলাকালীন ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরয়ার ফারুকীসহ পরিষদের অন্য সদস্যদের দেশত্যাগে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, দেশে আইনের শাসন সমুন্নত রাখা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি জনস্বার্থে এই পদক্ষেপ নিয়েছেন।