বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

দানের ব্যাগে মিলল গাঁজা ও নগদ টাকা, দুই কিশোর-কিশোরী আটক

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করার সময় ভুলবশত মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থ ভর্তি একটি ব্যাগ ফেলে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে দুই কিশোর-কিশোরী। গত ১৮ ফেব্রুয়ারি সাউথল্যান্ড অঞ্চলের একটি চ্যারিটি শপে এই অভাবনীয় ঘটনাটি ঘটে।

দানের ব্যাগে মিলল গাঁজা ও নগদ টাকা, দুই কিশোর-কিশোরী আটক
ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করার সময় ভুলবশত মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থ ভর্তি একটি ব্যাগ ফেলে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে দুই কিশোর-কিশোরী। গত ১৮ ফেব্রুয়ারি সাউথল্যান্ড অঞ্চলের একটি চ্যারিটি শপে এই অভাবনীয় ঘটনাটি ঘটে।

শপটির একজন স্বেচ্ছাসেবক জানান, দোকানের বাইরে রাখা একটি ব্যাগের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তীব্র কটু গন্ধ পান। কৌতূহলবশত ব্যাগটি খুলতেই তিনি ভেতরে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৪৩.২ গ্রাম গাঁজা এবং ৩ হাজার ৭০০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ২২০০ মার্কিন ডলার) নগদ অর্থ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত কিশোর ও কিশোরী নিকটস্থ একটি গ্যারেজে তাদের গাড়ি মেরামতের জন্য দিয়েছিল। সেখানে অপেক্ষাকালীন সময়ে তারা অসাবধানতাবশত ব্যাগটি চ্যারিটি শপের দান করার নির্দিষ্ট স্থানে ফেলে আসে। কিছুক্ষণ পর ব্যাগটির কথা মনে পড়তেই তারা আতঙ্কিত অবস্থায় সেটি উদ্ধারে দোকানে ফিরে আসে। তবে তারা পৌঁছানোর আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের আটক করে।

পরবর্তীতে তাদের গাড়ি তল্লাশি করে পুলিশ আরও কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে। যার মধ্যে ছিল একটি এয়ার পিস্তল, একটি পুলিশ স্ক্যানার এবং অতিরিক্ত কিছু নগদ টাকা। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে লাইসেন্স ও অভিভাবক ছাড়া এয়ার পিস্তল রাখা এবং পুলিশ স্ক্যানারের তথ্য ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া দেশটিতে বিনোদনমূলক কাজে গাঁজার ব্যবহার বা বিপণন সম্পূর্ণ অবৈধ।

আটককৃতদের বয়স ১৭ বছরের নিচে হওয়ায় স্থানীয় নিয়ম অনুযায়ী তাদের পরিচয় গোপন রাখা হয়েছে এবং মামলাটি কিশোর আদালতে (ইয়ুথ কোর্ট) পাঠানো হয়েছে। পুলিশের একজন মুখপাত্র ঘটনাটিকে ‘বিরল’ আখ্যা দিয়ে বলেন, অপরাধীরা নিজেরাই অনিচ্ছাকৃতভাবে তাদের অপরাধের প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছে। অদ্ভুত এই ঘটনাটি বর্তমানে নিউজিল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।