দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে, তবে সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।’
এ সময় শরীয়তপুর হাসপাতালের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হবে, তবে কোথাও অন্যায় সংঘটিত হলে তারও প্রতিবাদ জানাবে বিরোধী দল।