দেশে রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি; বরং একদলীয় শাসনের ধারাবাহিকতা বিভিন্ন রূপে এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রুমিন ফারহানা বলেন, অতীতে বিএনপি-জামায়াতকে বাইরে রেখে সংসদ পরিচালনা করা হয়েছে, আর বর্তমানে আওয়ামী লীগ ও বাম দলগুলোকে বাদ দিয়েও একই প্রবণতা অব্যাহত রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির মতো জাতীয় ইস্যুতেও সংসদে কার্যকর আলোচনা হয়নি। তার ভাষায়, বিষয়টি উত্থাপন করতে প্রয়োজনীয় পাঁচজন সংসদ সদস্যের সমর্থন তিনি পাননি, পরে বাধ্য হয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হয়েছে।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাম’ রোগের প্রকোপ নিয়ে প্রশ্ন তুললে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাকে নিরুৎসাহিত করেছিলেন। একই সঙ্গে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, বর্তমান সময়ে তথ্য গোপন করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, কারণ মানুষের হাতে হাতে মোবাইল ফোন থাকায় মুহূর্তেই বিশ্ব পরিস্থিতি জানা যাচ্ছে।
কারাগারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বন্দি অমানবিক পরিবেশে কারাগারে রয়েছেন। বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত জামিন পাওয়া একজন নাগরিকের আইনগত অধিকার হলেও বাস্তবে তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, কোনো সাহসী বিচারক জামিন দিলেও পরদিনই তার বিচারিক এখতিয়ার পরিবর্তন করে দেওয়া হয়।