শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‎ ‎ ‎দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী

দেশে গ্যাসের বর্তমান মজুদ দিয়ে আগামী ১২ বছর সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

‎ ‎ ‎দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী
ছবি : সংগৃহীত

দেশে গ্যাসের বর্তমান মজুদ দিয়ে আগামী ১২ বছর সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার ১৯ এপ্রিল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের পরিপ্রক্ষিতে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম এদিন বিকেল ৩টায় শুরু হয়। অধিবেশনে উত্থাপিত লিখিত উত্তরে মন্ত্রী জানান, দেশে সব মিলিয়ে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদের পরিমাণ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের শেষ সময় পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এরই মধ্যে উত্তোলন করা হয়ে গেছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অবশিষ্ট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুটে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও উল্লেখ করেন, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়া না যায় এবং দৈনিক বর্তমানের মতো গড়ে ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হয়, তবে হাতে থাকা ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে আনুমানিক ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো যাবে। গ্যাস নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে মজুদ ও উত্তোলনের এই তুলনামূলক চিত্র সংসদে উপস্থাপন করা হয়।