বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশের পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’

অভ্যন্তরীণ বাজারে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে ঢাকাই চলচ্চিত্র ‘বনলতা সেন’। দেশের সিনেমা হলগুলোতে প্রদর্শনী শুরুর তিন সপ্তাহ মাথায় প্রবাসী বাঙালিদের জন্য এই আনন্দের বার্তা এলো।

দেশের পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’
ছবি : সংগৃহীত

অভ্যন্তরীণ বাজারে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে ঢাকাই চলচ্চিত্র ‘বনলতা সেন’। দেশের সিনেমা হলগুলোতে প্রদর্শনী শুরুর তিন সপ্তাহ মাথায় প্রবাসী বাঙালিদের জন্য এই আনন্দের বার্তা এলো।

রূপালী পর্দার এই সৃষ্টিটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জীবন আলেখ্য, তাঁর সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা ‘বনলতা সেন’–এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা ইতিমধ্যে দেশের রুচিশীল সিনেমাপ্রেমীদের মাঝে বেশ আলোড়ন তৈরি করেছে।

সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি প্রসঙ্গে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, দেশের মাটিতে চলচ্চিত্রটি যেভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে, তা পুরো টিমকে নতুন করে উজ্জীবিত করেছে। এছাড়া সিডনি ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষী প্রবাসীরা অনেক দিন ধরেই ছবিটি সেখানে প্রদর্শনের দাবি জানিয়ে আসছিলেন। দর্শকদের সেই আগ্রহকে প্রধান্য দিয়েই দেশটির প্রধান পাঁচটি শহরে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুতই সেখানকার প্রেক্ষাগৃহের নাম ও প্রদর্শনের চূড়ান্ত সময়সূচি দর্শকদের জানিয়ে দেওয়া হবে।

পরিচালক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আরও বলেন, কেবল ওশেনিয়া মহাদেশই নয়, ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি দেশেও এই চলচ্চিত্রটি পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার চিন্তাভাবনা চলছে। শুদ্ধ বাংলা সাহিত্য ও নিজস্ব সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মিত এই সৃষ্টিকে বিশ্বমঞ্চের দর্শকদের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ অনুদানপ্রাপ্ত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি গত ঈদুল আজহার আবহে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রথম মুক্তি পায়। দেশের বিভিন্ন আধুনিক সিনেমা হলে এখনো এর সফল প্রদর্শনী চলছে।

সিনেমাটির নামভূমিকায় রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এবং কালজয়ী কবি জীবনানন্দ দাশের চরিত্রে রূপালি পর্দায় হাজির হয়েছেন অভিনেতা খাইরুল বাশার। এছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ একঝাঁক গুণী শিল্পী।