গাজা সিটির জয়তুন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে একে একে বেরিয়ে আসছে নিহতদের মরদেহ। একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া সবাই মালকা পরিবারের সদস্য।
সিভিল ডিফেন্স জানিয়েছে, মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধানে টানা ৭২ ঘণ্টা ধরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে এখন পর্যন্ত পরিবারের অধিকাংশ সদস্যের দেহাবশেষ শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের সময় নিরাপত্তার আশায় মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটি ধ্বংস হয়ে গেলে তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষ দাফনের আগে আগামী সপ্তাহের শুরুতে মালকা পরিবারের সদস্যদের জন্য একটি যৌথ জানাজার আয়োজন করা হবে।