শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, কোদাল মার্কার ৩ কর্মী আহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোদাল প্রতীক–সংবলিত প্রার্থীর তিনজন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন সাকিন (২৭), আহাদ (২৭) ও হোসেন।

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, কোদাল মার্কার ৩ কর্মী আহত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোদাল প্রতীক–সংবলিত প্রার্থীর তিনজন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন সাকিন (২৭), আহাদ (২৭) ও হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, “আজ বিকেলের দিকে আমাদের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় ফুটবল প্রতীক মার্কা প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “আজ রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।” তিনি আরও বলেন, আহতদের কাছ থেকে জানা গেছে তারা কোদাল মার্কা প্রার্থীর সমর্থক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।