ঢাকার ধামরাইয়ে ফিরোজ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার অর্জুন নালাই গ্রামের ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
নিহত ফিরোজ হোসেন গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মৃত আলহাজের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাটুরিয়া থেকে নিজ গ্রামে ফিরছিলেন ফিরোজ। পথিমধ্যে অর্জুন নালাই ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে একই এলাকার অন্য এক মাদক কারবারি জহিরুলের সঙ্গে তার দেখা হয়। সেখানে পূর্ব বিরোধের জেরে দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে জহিরুল ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফিরোজ হোসেনের বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে অন্তত ১২টি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।