বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের অনাকাঙ্ক্ষিত আচরণ, সফর বাতিল করে ফিরছেন তথ্য উপদেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের অনাকাঙ্ক্ষিত আচরণ, সফর বাতিল করে ফিরছেন তথ্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পূর্ব নোটিশ থাকার পরও বিমানবন্দরে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে অহেতুক জিজ্ঞাসাবাদ করায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের সফর বাতিল করেছেন এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

পূর্বনির্ধারিত সরকারি সফরে অংশ নিতে গতকাল রোববার সন্ধ্যার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার থেকে ভারতের রাজধানীতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এই সফরের বিষয়ে গত শুক্রবারই দিল্লির বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

তবে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন থাকার পরও বিমানবন্দরে নামার পর রহস্যজনক কারণে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্য উপদেষ্টাকে আড়াই ঘণ্টারও বেশি সময় আটকে রাখেন। এমনকি তাকে ভারতের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি।

এমন চরম অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতার মুখে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে তথ্য উপদেষ্টা নিজের সফর বাতিলের সিদ্ধান্ত নেন এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছ থেকে নিজের পাসপোর্ট ফেরত চান। একপর্যায়ে তিনি পাসপোর্ট ফেরত পান এবং পরবর্তী ফিরতি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেন। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাকে সসম্মানে দিল্লিতে প্রবেশের অনুরোধ জানায়, তবে আত্মমর্যাদা ও পেশাদারিত্বের খাতিরে তথ্য উপদেষ্টা সেই অনুরোধ বিনম্রভাবে প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে দিল্লির স্থানীয় সময় রাত সাড়ে ১২টার একটি ফ্লাইটে তিনি কলম্বোর উদ্দেশ্যে রওনা হন। আজ সোমবার সকালে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তার আরেকটি কানেক্টিং ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুরের মধ্যেই তথ্য উপদেষ্টার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।