ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে দ্রুত উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় ছয়জন আহত হয়েছেন। এনডিটিভির খবরে জানানো হয়েছে, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জুরিখগামী এলএক্স১৪৭ ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিমানটি এয়ারবাস এ৩৩০ মডেলের ছিল।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে বিমানটি রানওয়ে দিয়ে উড্ডয়নের জন্য গতি বাড়ানোর সময় হঠাৎ একটি ইঞ্জিন বিকল হয়ে তাতে আগুন ধরে যায়। বিপদ আঁচ করতে পেরে পাইলট মুহূর্তের মধ্যে উড্ডয়ন প্রক্রিয়া বন্ধ করে দেন। এর পরপরই জরুরি স্লাইড ও সিঁড়ি ব্যবহার করে বিমানের ভেতরে থাকা সবাইকে নামিয়ে আনা হয়। এই প্রক্রিয়ায় দ্রুত নামতে গিয়ে ছয়জন যাত্রী সামান্য চোট পান, যাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানের ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিমানটিতে ২২৮ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছাড়াও ৪টি শিশু ছিল। ঘটনার পর এয়ারলাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা অথবা সাময়িকভাবে হোটেলে অবস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ইঞ্জিনে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করবে।