শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৫ জুন) দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে পারে।

ঘটনার সূত্রে জানা যায়, দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

কূটনৈতিক পত্রের মাধ্যমে আগেই জানানো হলেও রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি আর দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।

এর আগে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ও যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।