দিনাজপুর সদরের একটি পুকুর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম খয়রাত আলী (৪৪)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার সুন্দরবন গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত খয়রাত আলী দিনাজপুরের কাহারোল উপজেলার কাজিরহাট সাইনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় অজ্ঞাতনামা চার ব্যক্তি বিয়ের ভাড়ার কথা বলে খয়রাত আলীকে কান্তনগর মোড় থেকে তাদের সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।