দেশের জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কোনো প্রকার সংকোচ বা ভীতি কাটিয়ে জনকল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রশাসনিক কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের মঙ্গলের জন্য আপনারা নির্ভীক ও নিরপেক্ষ থেকে কাজ করে যান। আপনাদের প্রতিটি আইনি ও মানবিক পদক্ষেপে সরকারের পক্ষ থেকে সব ধরনের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা হবে।
বক্তব্যে তিনি জনআস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাষ্ট্রের প্রধান শক্তি হলো তার জনগণের বিশ্বাস। প্রশাসন ও সরকারের কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল জনসাধারণের মনে এই আস্থা সুদৃঢ় করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তাদের আরও বেশি যত্নশীল হওয়ার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা বজায় রাখতে কর্মকর্তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।