দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
জাতীয় সংসদের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী—বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলের প্রার্থী অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন এবং জামায়াতে ইসলামীর ৭৭ জন। এর বাইরে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
নির্বাচনী বিধি অনুযায়ী, এবার দুইজন প্রার্থী থাকায় নির্ধারিত তফসিল অনুসারে ভোটগ্রহণের প্রয়োজন হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদের নিয়মিত অধিবেশন বর্তমানে চলমান না থাকায় ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের নিয়ে পৃথক বৈঠক আহ্বান করা হয়েছে।
এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।