সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে এক ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের তিন শব্দের একটি মন্তব্যে চমকে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী যখন ঘর থেকে বের হন, তখন সবার উদ্দেশ্যে মুচকি হেসে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে বলা প্রধানমন্ত্রীর এমন আকস্মিক মন্তব্যে উপস্থিত কর্মকর্তারা শুরুতে কিছুটা হতচকিত হয়ে পড়েন। তবে পরক্ষণেই তারা বুঝতে পারেন যে, দেশ গঠন ও পরিচালনার গুরুদায়িত্ব পালনকে তিনি এক নিরন্তর লড়াই বা ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। দেশ সেবার কাজে তার প্রতিদিনের একাগ্রতা ও সংগ্রামের বিষয়টিই এই সংক্ষিপ্ত মন্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, আজ সারাদিনই প্রধানমন্ত্রীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। দিনভর ব্যস্ততার অংশ হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন তিনি।