সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাবির ৯২ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা’ খতিয়ে দেখতে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী ‘গোপন তৎপরতায়’ জড়িত—এমন প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি যাচাই করে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ওই তালিকায় থাকা ৯২ জনের মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিল।"

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, "তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারও নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে কমিটি তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় করণীয় ও সুপারিশ নির্ধারণ করবে। পরবর্তীতে নতুন কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাকেও একই প্রক্রিয়ার আওতায় আনা হবে।

উল্লেখ্য, জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে এর আগে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। সেই তালিকায় বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম থাকার দাবি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে।