রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, তারা বিস্ফোরণের ঘটনাটি জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, তারা বিস্ফোরণের ঘটনাটি জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন।

তিনি জানান, ঘটনাটি নিয়ে কাজ চলছে। কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণের সঙ্গে জড়িত দুজনকে চিহ্নিত করা গেছে। তারা আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারী’ কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সরকার তদন্ত করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।