দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর বরিশালে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার তাঁর আগমন ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে সৃষ্টি হয়েছে বাড়তি উত্তাপ। প্রিয় নেতাকে এক নজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভোরের আলো ফোটার আগেই মাঠে হাজির হন অনেক নেতাকর্মী। কেউ কেউ ফজরের নামাজ শেষ করেই সমাবেশস্থলের অবস্থান নেন। বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মী নাসিমা বেগম ও কাকলী আক্তার জানান, তারেক রহমানকে দেখতে তাঁরা আগের রাতেই বরিশালে এসে আত্মীয়ের বাসায় ছিলেন। নাসিমা বেগম বলেন, “ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। আমি রোজা রেখেছি। আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।” একই অনুভূতির কথা জানিয়ে কাকলী আক্তার বলেন, তিনি নতুন প্রজন্মের জন্য একটি শান্ত ও সুন্দর বাংলাদেশ চান।
পিরোজপুরের নেছারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, “আমাদের নেতা শহরে আসছেন, আমরা ঘরে থাকি কীভাবে? তাই ভোরেই চলে এসেছি।”
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা অংশ ঘিরে সেখানে কলাপাতা বিছানো হয়েছে। পুরো শহরজুড়ে এবং সমাবেশ এলাকায় চোখে পড়ছে ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো রাজনৈতিক বার্তা।
এর আগে সর্বশেষ ২০০৮ সালে এই বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রায় ১৬ বছর পর একই মাঠে দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মুখ তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির সরাসরি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ প্রকাশ করে বলেন, “বরিশাল বিভাগের ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।”
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় জনসভায় যোগ দেওয়ার পর আনুমানিক ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।”
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।