ভোরের নীরবতা ভেঙে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক মুদি দোকানদার—হামলার পর সঙ্গে থাকা নগদ টাকা লুট করে পালিয়েছে তারা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুহাম্মদ হোসেন দীপু (৪৬)। হামলার পর তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
দীপুর স্ত্রী আফরোজা জানান, “ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল আমার স্বামী। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে তার বাম পায়ে হাঁটুর উপরে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম বলেন, “ইতোমধ্যে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি এবং ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তদন্ত করা হচ্ছে, বিস্তারিত জানানো হবে।”