শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এবার কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

কাতারের রাজধানী দোহার অদূরে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

এবার কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহার অদূরে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বুধবার সকালে দোহা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্রসীমায় এই আক্রমণ চালানো হয়।

ইউকেএমটিও-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে জাহাজটির বাম দিকের উপরিভাগে হালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা সকল ক্রু ও নাবিক নিরাপদ রয়েছেন। সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় সমুদ্রের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়েনি এবং কোনো ধরনের তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

হামলার পরপরই ঘটনার কারণ ও উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঠিক কী ধরনের অস্ত্র বা বস্তু দিয়ে এই আঘাত হানা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত এই অঞ্চলটি নৌ চলাচলের জন্য নিরাপদ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, এই হামলার মাত্র একদিন আগে দুবাই উপকূলে কুয়েত ও সৌদি আরবের ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটগুলোতে চলমান এই অস্থিরতা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে কাতার বা ইরানের পক্ষ থেকে এই সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।