ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ) থেকে। ওই দিন যাত্রীরা ২৩ মার্চের ট্রেনযাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাবে। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও পরে বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী মাত্র একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নেওয়ার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে কোনো টিকিট রিফান্ড করা হবে না বলেও জানানো হয়েছে।