পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি পৃথক কামরা সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঈদযাত্রায় নারীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৯০ সালের রেলওয়ে আইন-এর ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার বিধান রয়েছে। একই সঙ্গে ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি সংযুক্ত শৌচাগার রাখার কথাও আইনে উল্লেখ রয়েছে।
তিনি জানান, এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট বিষয়টি নিয়ে রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চান।
চলমান ওই রুলের শুনানির অংশ হিসেবে মঙ্গলবার সম্পূরক আবেদন বিবেচনায় এনে এই নির্দেশ দেওয়া হয়।
আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, আইন অনুযায়ী আলাদা কামরার বিধান থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতেই আদালতে এ আবেদন করা হয়েছিল।