বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরুর ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার) এবং সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়, রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, “চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে আগামী ১৮ মে। ফলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।”
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ৮৮টি ভিন্ন স্থানে চাঁদ দেখার পর্যবেক্ষণ পরিচালনা করা হয়। এসব পর্যবেক্ষণের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। নিয়ম অনুযায়ী, হিজরি মাস শুরুর জন্য চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব কমপক্ষে ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।
ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর আরও বলেন, বৈঠকে উপস্থাপিত চাঁদ দেখা সংক্রান্ত প্রতিবেদনগুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।