শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ সাত দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ সাত দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশে ঈদের ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির ঠিক আগের দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ মে সব সরকারি অফিস যথারীতি খোলা থাকবে।

একই বৈঠকে মন্ত্রিসভা ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদন করেছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো সারা দেশে স্বাস্থ্যসম্মত, সহজলভ্য এবং ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথক ও বিশেষ সুবিধাসম্পন্ন টয়লেট স্থাপনের ওপর এতে গুরুত্বারোপ করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, দেশের প্রধান সড়ক ও মহাসড়কের সুবিধাজনক স্থানে নারী ও পুরুষদের জন্য আলাদা শৌচাগার নির্মাণে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় প্রতিটি টয়লেটে বাধ্যতামূলকভাবে সেফটি ট্যাংক নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বর্জ্য সরাসরি কোনো জলাশয়ে মিশে পানি দূষিত করতে না পারে।

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। জনস্বাস্থ্য রক্ষা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে এই নীতিমালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।