আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও ভোগান্তিহীন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডে অবস্থিত লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌপথে চলাচলকারী যাত্রী ও সংশ্লিষ্টদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আসন্ন ঈদকে কেন্দ্র করে অবৈধ ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এবং ফিটনেসবিহীন লঞ্চের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তিনি নৌপুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানান তিনি।