পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আসন্ন ঈদযাত্রার অগ্রিম ও ফিরতি ট্রেন টিকিট শতভাগ অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা সহজ ও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ে জানায়, যাত্রীরা কেবলমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ মোবাইল অ্যাপের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট ক্রয়-বিক্রয় না করতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে যাত্রীদেরকে রেলওয়ের নির্ধারিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, নির্ধারিত অনলাইন মাধ্যম ব্যতীত টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।