বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই সারা দেশে প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই সারা দেশে প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রকাশিত তথ্য থেকে এসব জানা যায়।

কমিটির তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে মোট পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডে দুইজন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং অসদুপায়ের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন। একই বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে—৩ হাজার ৯৭১ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, যশোর বোর্ডে ২ হাজার ৭৮, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ৪ হাজার ৪৭৮। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশে পরিচালিত আটটি পরীক্ষা কেন্দ্রের তথ্য এখনো পাওয়া যায়নি।